জাতীয়
শুরু হলো ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টা ৫ মিনিটে সংসদ কক্ষে পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অধিবেশনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। এ সময় স্পিকারের আসন ফাঁকা রাখা হয়।
সাধারণত বিদায়ী সংসদের স্পিকার অথবা ডেপুটি স্পিকারের সভাপতিত্বে নতুন সংসদের প্রথম অধিবেশন শুরু হয় এবং তাদের সভাপতিত্বেই নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে এবার সেই প্রচলিত রীতির ব্যতিক্রম ঘটেছে।
দ্বাদশ জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী ২০২৪ সালের সেপ্টেম্বরে পদত্যাগ করার পর থেকে প্রকাশ্যে দেখা যায়নি। অন্যদিকে বিদায়ী ডেপুটি স্পিকার শামসুল হক (টুকু) হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে বর্তমানে কারাগারে রয়েছেন।
এই পরিস্থিতিতে সংসদ কক্ষে স্পিকারের আসন শূন্য রেখেই ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু করা হয়। পরবর্তীতে সংসদের বিধি অনুযায়ী স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হওয়ার কথা রয়েছে।