জাতীয়

সংসদে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ভাষণ দেওয়ায় বিরোধী দলের ওয়াকআউট


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১২ মার্চ ২০২৬, ০৪:১০ পিএম

সংসদে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ভাষণ দেওয়ায় বিরোধী দলের ওয়াকআউট
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণকে কেন্দ্র করে ওয়াকআউট করেছে বিরোধী দলের সংসদ সদস্যরা।

বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেল সাড়ে তিনটার দিকে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন-কে ভাষণ দেওয়ার জন্য নাম ঘোষণা করেন। এ সময় এর প্রতিবাদ জানান বিরোধী দলের সংসদ সদস্যরা।

এরপর বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে অধিবেশন কক্ষে প্রবেশ করেন রাষ্ট্রপতি। তার বক্তব্য শুরু হওয়ার পরপরই জামায়াতে ইসলামীসহ বিরোধী দলের সদস্যরা প্ল্যাকার্ড প্রদর্শন করে প্রতিবাদ জানান।

একপর্যায়ে ‘ফ্যাসিবাদ ও গণতন্ত্র একসাথে চলে না’সহ বিভিন্ন স্লোগান দিতে দিতে অধিবেশন কক্ষ ত্যাগ করেন বিরোধী দলের সদস্যরা। এ সময় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান-সহ অন্য সংসদ সদস্যরা ওয়াকআউট করেন।

তাদের প্রতিবাদের মধ্যেই রাষ্ট্রপতি তার ভাষণ অব্যাহত রাখেন। এ সময় টেবিল চাপড়ে রাষ্ট্রপতির বক্তব্যের প্রতি সমর্থন জানান বিএনপির সংসদ সদস্যরা।