জাতীয়
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি
বিএনপির স্থায়ী কমিটির সদস্য, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও সংসদ সদস্য মির্জা আব্বাস অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। তার শারীরিক অবস্থার উন্নতির জন্য তাকে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি চলছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) দলের পক্ষ থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী শুক্রবার (১৩ মার্চ) এয়ার অ্যাম্বুলেন্সে করে মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে।
জানা গেছে, বুধবার ইফতারের সময় পানি পান করার সময় হঠাৎ করে জ্ঞান হারিয়ে ফেলেন মির্জা আব্বাস। পরে তার অবস্থার উন্নতি না হলে গভীর রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে বৃহস্পতিবার রাতে তাকে দেখতে হাসপাতালে যান জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি মির্জা আব্বাসের স্ত্রীর সঙ্গে কথা বলে তার শারীরিক অবস্থা ও চলমান চিকিৎসার খোঁজখবর নেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন। এ সময় তার সঙ্গে ছিলেন ঢাকা মহানগরী উত্তর জামায়াতের মেডিকেল থানার সভাপতি ডা. এস এম খালিদুজ্জামান।
এছাড়া বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান এবং স্থায়ী কমিটির সদস্য ও সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনও হাসপাতালে গিয়ে মির্জা আব্বাসের শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন।