জাতীয়
মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়েছে।
শুক্রবার (১৩ মার্চ) বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত একটি মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে এ অস্ত্রোপচার করা হয়।
বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে মির্জা আব্বাসের সিটি স্ক্যান করা হয়। ওই রিপোর্টে শারীরিক অবস্থার অবনতি ধরা পড়লে জরুরি ভিত্তিতে একটি ভার্চুয়াল মেডিকেল বোর্ড বৈঠকে বসে। পরে সবকিছু পর্যালোচনা করে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করার সিদ্ধান্ত নেওয়া হয়। পরিবারের সদস্যদের সম্মতি নিয়েই অপারেশন সম্পন্ন করা হয়েছে।
তিনি আরও জানান, দেশের প্রখ্যাত নিউরো বিশেষজ্ঞদের নিয়ে গঠিত মেডিকেল বোর্ডে অধ্যাপক আলী উজ্জামান জোয়ার্দার, অধ্যাপক কাজী দ্বীন মোহাম্মদ, অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার, অধ্যাপক রাজিউল হক, অধ্যাপক সাঈদ আহমেদ, অধ্যাপক কাদের শেখ, অধ্যাপক শফিকুল ইসলামসহ এভারকেয়ার হাসপাতালের চিকিৎসকরা রয়েছেন।
এদিকে মির্জা আব্বাসের দ্রুত সুস্থতা কামনায় তার পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।
এর আগে শুক্রবার জুমার নামাজের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এভারকেয়ার হাসপাতালে আসেন। এ সময় মেডিকেল বোর্ডের সদস্যরা তাকে মির্জা আব্বাসের বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত অবহিত করেন।