জাতীয়
জনগণই রাষ্ট্রের মালিক, আমরা তাদের সেবক: তথ্যমন্ত্রী
রাষ্ট্রের প্রকৃত মালিক জনগণ এবং যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছেন তারা মূলত জনগণের সেবক—এমন মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
শনিবার (১৪ মার্চ) রাজধানীর দক্ষিণখান থানার ৪৭ নম্বর ওয়ার্ডে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সুবিধাবঞ্চিত ও নিম্নআয়ের মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নেওয়ার মধ্যেই প্রকৃত মানবিকতার পরিচয় রয়েছে। এ সময় তিনি সমাজের বিত্তবান মানুষদের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং রশিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম কফিল উদ্দিন আহমেদ। তিনি বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মুখে ঈদের হাসি ফোটাতে প্রতি বছরই এ ধরনের উদ্যোগ নেওয়া হয় এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য ও রশিদ গ্রুপের চেয়ারম্যান মোতালেব হোসেন রতন। এ সময় ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এবিএমএ রাজ্জাক, বিএনপির গবেষণা সেলের সদস্য ড. আমিনুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রায় দুই হাজার অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।