জাতীয়
তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন ডা. জাহেদ উর রহমান
সরকারের উপদেষ্টাদের দপ্তর পুনর্বণ্টনের অংশ হিসেবে প্রধানমন্ত্রীর নীতি ও কৌশল বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। প্রতিমন্ত্রীর পদমর্যাদায় তিনি এ দায়িত্ব পালন করবেন।
মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এর মাধ্যমে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দুটি মন্ত্রণালয়ের দায়িত্ব তার ওপর ন্যস্ত হলো।
নতুন দায়িত্ব পাওয়ার পর নিজের ফেসবুক পোস্টে ডা. জাহেদ উর রহমান জানান, প্রধানমন্ত্রীর নীতি ও কৌশল বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি তথ্য ও সম্প্রচার এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বও তাকে দেওয়া হয়েছে। তিনি দায়িত্ব পালনে সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি ডা. জাহেদ উর রহমানকে প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর নীতি ও কৌশল বিষয়ক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়। প্রতিমন্ত্রীর মর্যাদায় দায়িত্ব পালন করার সময়েই সম্প্রতি তাকে নতুন করে দুটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হলো।