জাতীয়

দেশের ৫ জেলায় নতুন ডিসি নিয়োগ


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৫ মার্চ ২০২৬, ১০:৩৪ পিএম

দেশের ৫ জেলায় নতুন ডিসি নিয়োগ
ছবি: সংগৃহীত

দেশের পাঁচ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার।

রোববার (১৫ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. নূরুল করিম ভূঁইয়াকে গাজীপুর জেলার জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপসচিব খন্দকার মুশফিকুর রহমানকে নেত্রকোনা জেলার জেলা প্রশাসক করা হয়েছে।

এ ছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. তৌহিদ বিন-হাসানকে কুষ্টিয়া জেলার জেলা প্রশাসক এবং বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মোসা. শুকরিয়া পারভীনকে পঞ্চগড় জেলার জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

অন্যদিকে, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের পরিচালক (উপসচিব) আবু ছালেহ মো. মুসা জঙ্গীকে চাঁপাইনবাবগঞ্জ জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে পদায়ন করা হয়েছে।

এর আগে গত ১ মার্চ এই পাঁচ জেলার জেলা প্রশাসকদের প্রত্যাহার করে সরকার। পরে তাদের উপসচিব পদমর্যাদার কর্মকর্তাদের পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়।