প্রধানমন্ত্রী তারেক রহমানের সংসদীয় আসন ঢাকা-১৭–এর জনগণের দৈনন্দিন কার্যক্রম সম্পাদনের সুবিধার্থে আব্দুর রহমান সানীকে ওই আসনের প্রতিনিধি হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
রোববার (১৫ মার্চ) প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা-১৭ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য তারেক রহমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। ফলে প্রধানমন্ত্রীর সংসদীয় এলাকার জনগণের বিভিন্ন প্রশাসনিক ও জনসেবামূলক কার্যক্রম সমন্বয়ের সুবিধার্থে প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ আব্দুর রহমান সানীকে ওই আসনের প্রতিনিধি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
সরকার আশা করছে, এই নিয়োগের মাধ্যমে ঢাকা-১৭ আসনের জনগণের প্রশাসনিক ও সেবা-সংক্রান্ত কার্যক্রম আরও দ্রুত ও কার্যকরভাবে সম্পন্ন করা সম্ভব হবে।