জাতীয়
ঈদযাত্রায় ভাড়া বেশি নেওয়ার নজির নেই, কোথাও কোথাও কম নেওয়া হচ্ছে: সড়কমন্ত্রী
রাজধানীর বাস টার্মিনালগুলোতে ঈদযাত্রাকে কেন্দ্র করে এখন পর্যন্ত যাত্রী পরিবহনে কোনো ধরনের বিশৃঙ্খলা বা অতিরিক্ত ভাড়া আদায়ের ঘটনা পাওয়া যায়নি বলে জানিয়েছেন সড়ক ও সেতু, রেল ও নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। বরং কিছু ক্ষেত্রে নির্ধারিত ভাড়ার চেয়েও কমে যাত্রী পরিবহন করা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
সোমবার (১৬ মার্চ) সকালে রাজধানীর মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মন্ত্রী এসব তথ্য জানান।
তিনি বলেন, গত সাত দিনে নির্ধারিত ভাড়ার বেশি নেওয়ার কোনো নজির পাওয়া যায়নি। অনেক পরিবহন নির্ধারিত ভাড়ার তুলনায় ২০ থেকে ৫০ টাকা পর্যন্ত কমেও যাত্রী পরিবহন করছে।
মন্ত্রী জানান, ঈদ উপলক্ষে যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন রাখতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে নিয়ে বাস টার্মিনালগুলোর পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। পরিদর্শনের সময় দেখা গেছে, যাত্রীরা টিকিট কেটে শৃঙ্খলার সঙ্গে বাসে উঠছেন এবং নির্ধারিত সময়েই বাসগুলো টার্মিনাল ত্যাগ করছে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী, বিআরটিএ এবং পরিবহন মালিক-শ্রমিক সংগঠনের স্বেচ্ছাসেবকেরা সমন্বিতভাবে কাজ করছেন।
তিনি আরও জানান, আজ বিকেল বা সন্ধ্যার পর থেকে যাত্রীর চাপ বাড়তে পারে, কারণ আগামীকাল সরকারি ছুটি। সম্ভাব্য চাপ সামাল দিতে পর্যাপ্ত বাস প্রস্তুত রাখা হয়েছে এবং পর্যায়ক্রমে বাস টার্মিনালে প্রবেশ ও বের হওয়ার ব্যবস্থা করা হয়েছে, যাতে মূল সড়কে যান চলাচলে সমস্যা না হয়।
মহাখালী বাস টার্মিনালের সীমিত জায়গার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, সব বাস একসঙ্গে পার্কিং করার সুযোগ নেই। তাই একটি বাস টার্মিনাল ছেড়ে গেলে আরেকটি বাস প্রবেশ করছে—এভাবে পরিচালনা করা হচ্ছে, যাতে আশপাশের সড়কে যানজট না তৈরি হয়। আগামী দুই থেকে তিন দিনের মধ্যে পরিস্থিতি আরও স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেন তিনি।