জাতীয়
ঈদযাত্রায় ৩ স্তরের নিরাপত্তায় র্যাবের ৩২ টিম মাঠে
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ রাখতে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়ন করছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে রাজধানীর গুরুত্বপূর্ণ টার্মিনাল ও আশপাশের এলাকায় ৩২টি টিম মোতায়েন করা হয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ) রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে র্যাব-১০-এর অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কামরুজ্জামান এ তথ্য জানান। তিনি বলেন, ঈদ উপলক্ষে যাত্রীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
তিনি জানান, সদরঘাট, সায়েদাবাদ, শ্যামপুর, সূত্রাপুর ও কামরাঙ্গীরচরসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে র্যাবের টিমগুলো নিয়মিত টহল দিচ্ছে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি বাড়াতে ছয়টি সিভিল টিমও মাঠে কাজ করছে।
নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে নিয়মিত টহলের পাশাপাশি ‘রোবাস্ট পেট্রোলিং’ ও ‘ফুট পেট্রোলিং’ পরিচালনা করা হচ্ছে। প্রয়োজনে বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে বলেও জানান তিনি।
যাত্রীদের সুবিধার্থে সদরঘাট লঞ্চ টার্মিনাল ও সায়েদাবাদ বাস টার্মিনালে দুটি কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে, যেখানে র্যাব সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন। যাত্রাপথে কোনো হয়রানি বা অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ থাকলে যাত্রীরা সরাসরি এসব কন্ট্রোল রুমে অভিযোগ জানাতে পারবেন।
র্যাব জানায়, ঈদের দিন এবং পরবর্তী সময় পর্যন্ত এই নিরাপত্তা ব্যবস্থা অব্যাহত থাকবে। পাশাপাশি ঈদকে ঘিরে তাদের আভিযানিক কার্যক্রমও জোরদার করা হয়েছে। সাম্প্রতিক অভিযানে একটি বিদেশি পিস্তল, বিপুল পরিমাণ গোলাবারুদ এবং উল্লেখযোগ্য পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।
মোহাম্মদ কামরুজ্জামান আরও বলেন, ঈদ উপলক্ষে প্রায় পৌনে দুই কোটি মানুষ ঢাকা ছাড়তে পারেন। এতে অনেক বাসাবাড়ি ফাঁকা হয়ে যাওয়ার আশঙ্কা থাকায় চুরি, ছিনতাই বা ডাকাতি প্রতিরোধে রাজধানীর বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টা নজরদারি জোরদার করা হয়েছে। বিশেষ করে রাতের টহলে বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে।