জাতীয়

এক মাসে সব প্রতিশ্রুতির বাস্তবায়ন শুরু করবে বিশ্বে এমন সরকার নেই: নুর


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৭ মার্চ ২০২৬, ০৯:০৪ পিএম

এক মাসে সব প্রতিশ্রুতির বাস্তবায়ন শুরু করবে বিশ্বে এমন সরকার নেই: নুর
নুরুল হক নুর। ছবি: সংগৃহীত

সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়ন নিয়ে সমালোচনার জবাবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেছেন, বিশ্বের মধ্যে এমন সরকার পাওয়া যাবে না, যে সরকার এক মাসের মধ্যে সব প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করতে পারে।

মঙ্গলবার (১৭ মার্চ) টঙ্গীতে গণঅধিকার পরিষদের উদ্যোগে আয়োজিত এক রাজনৈতিক কর্মশালা ও ইফতার-পূর্ব আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, নিরাপদ সড়ক আন্দোলন ও কোটা সংস্কার আন্দোলনের ধারাবাহিকতা থেকেই ২০২৪ সালের গণ-অভ্যুত্থান তৈরি হয়েছে, যার মাধ্যমে দেশ নতুন বাস্তবতায় প্রবেশ করেছে। বর্তমান সরকার সেই প্রত্যাশা পূরণে কাজ করছে বলেও দাবি করেন তিনি।

খাল খনন কার্যক্রম নিয়ে সমালোচনার প্রসঙ্গে নুরুল হক নুর বলেন, ম্যানুয়াল পদ্ধতিতে খাল খননের মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীর কর্মসংস্থান তৈরি হচ্ছে, যা সরকারের একটি সচেতন উদ্যোগ।

এ সময় বর্তমান সরকার ও প্রধানমন্ত্রীর জন্য দোয়া চেয়ে তিনি বলেন, আপনারা দোয়া করবেন, আগামী পাঁচ বছর যেন আমরা প্রধানমন্ত্রীর সঙ্গে থেকে দেশটাকে সুন্দরভাবে গড়ে তুলতে পারি।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম মনজুরুল করিম রনি। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতাকর্মীরাও এতে অংশ নেন।