জাতীয়
মোবাইল ব্যাংকিংয়ে বিপুল লেনদেনের অভিযোগে ভাটারা থানার ওসি বদলি
ব্যক্তিগত মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে বিপুল অর্থ লেনদেনের অভিযোগ ওঠায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হককে বদলি করা হয়েছে।
বুধবার ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার স্বাক্ষরিত এক অফিস আদেশে জানানো হয়, তাকে ভাটারা থানা থেকে সরিয়ে নিরস্ত্র পুলিশ পরিদর্শক হিসেবে ডেভেলপমেন্ট বিভাগে পদায়ন করা হয়েছে।
অভিযোগ অনুযায়ী, ওসি ইমাউল হকের ব্যক্তিগত বিকাশ ও নগদ অ্যাকাউন্টে গত বছরের ২০ ডিসেম্বর ২০২৫ থেকে চলতি বছরের ৫ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত সময়ে ৩২ লাখ ৩৩ হাজার টাকা লেনদেন হয়েছে। সাতটি ভিন্ন অ্যাকাউন্ট থেকে এসব টাকা তার কাছে পাঠানো হয় বলে অভিযোগ রয়েছে।
এছাড়া অভিযোগে বলা হয়, ওই অর্থের একটি অংশ এপিআই সিস্টেমের মাধ্যমে অনলাইন জুয়ার সঙ্গে সম্পৃক্ত থাকতে পারে। যদিও এসব অভিযোগ অস্বীকার করে ইমাউল হক দাবি করেছেন, তার মোবাইল ফোন হ্যাক করে একটি চক্র এই লেনদেন করেছে। এ ঘটনায় তিনি থানায় সাধারণ ডায়েরিও (জিডি) করেছেন।
তদন্তে আরও জানা গেছে, বিভিন্ন ব্যক্তি ও এজেন্ট নম্বর থেকে তার অ্যাকাউন্টে বড় অঙ্কের টাকা পাঠানো হয়েছে। এর মধ্যে স্থানীয় এজেন্ট দোকান, পুলিশ সদস্য এবং ব্যক্তিগত সূত্র থেকে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ লেনদেনের তথ্য উঠে এসেছে।
এ ঘটনায় এখনো আনুষ্ঠানিক তদন্তের ফল প্রকাশ না হলেও অভিযোগের প্রেক্ষিতে প্রশাসনিক ব্যবস্থা হিসেবে তাকে বদলি করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।