জাতীয়

ট্রেন লাইনচ্যুত: উদ্ধারকাজ চললেও রেল চলাচল স্বাভাবিক হতে লাগবে দুই দিন


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৮ মার্চ ২০২৬, ০৯:১২ পিএম

ট্রেন লাইনচ্যুত: উদ্ধারকাজ চললেও রেল চলাচল স্বাভাবিক হতে লাগবে দুই দিন
ছবি: ঢাকাপ্রকাশ

ঈদে ঘরমুখো যাত্রীদের নিয়ে ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত হয়ে বগুড়ার আদমদীঘিতে দুই শতাধিক যাত্রী আহত হয়েছেন।

বুধবার বেলা আড়াইটার দিকে সান্তাহার স্টেশন সংলগ্ন বাগবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে আদমদীঘি ও নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

দুর্ঘটনার পর থেকে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। সিঙ্গেল লাইন হওয়ায় নীলফামারী, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় ও জয়পুরহাট জেলার সঙ্গে সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, লাইন পুরোপুরি সচল হতে দুই দিন পর্যন্ত সময় লাগতে পারে।

ঘটনার পরপরই ঈশ্বরদী জংশন ও পার্বতীপুর থেকে দুটি উদ্ধারকারী (রিলিফ) ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটও উদ্ধার অভিযানে অংশ নেয় এবং দেড় শতাধিক যাত্রীকে হাসপাতালে পাঠায়।

এ ঘটনায় সান্তাহার সহকারী স্টেশন মাস্টার শহিদুল ইসলাম রঞ্জুকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি দুর্ঘটনার কারণ অনুসন্ধানে চার সদস্যের একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সিগন্যাল সংক্রান্ত ভুল-বোঝাবুঝির কারণে দুর্ঘটনাটি ঘটতে পারে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সুনির্দিষ্ট কারণ জানা যাবে না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

স্থানীয়দের অভিযোগ, দুর্ঘটনার পর কিছু যাত্রীর লাগেজ ও মূল্যবান জিনিসপত্র চুরির ঘটনাও ঘটেছে।

রেলওয়ের মহাব্যবস্থাপক জানিয়েছেন, দ্রুততম সময়ের মধ্যে লাইন সচল করতে কাজ চলছে। একই সঙ্গে আহতদের চিকিৎসা নিশ্চিত করতে প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে দুর্ঘটনার পর সান্তাহারসহ আশপাশের স্টেশনগুলোতে আটকে পড়া যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। পরিস্থিতি স্বাভাবিক করতে রেল কর্তৃপক্ষ সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।