জাতীয়
ঈদে তারেক রহমানকে মোদির শুভেচ্ছা বার্তা, জোর দিলেন দুই দেশের বন্ধুত্বে
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার (১৯ মার্চ) পাঠানো এক চিঠিতে তিনি এই শুভেচ্ছা জানান।
চিঠিতে নরেন্দ্র মোদি বলেন, ভারত সরকার ও দেশটির জনগণের পক্ষ থেকে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বাংলাদেশের ভ্রাতৃপ্রতীম জনগণকে ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছেন। তিনি উল্লেখ করেন, পবিত্র রমজান মাসজুড়ে বিশ্বের মুসলমানরা রোজা ও ইবাদতের মাধ্যমে আত্মশুদ্ধির চর্চা করেছেন।
মোদি আরও বলেন, ঈদুল ফিতর শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি মানবিক মূল্যবোধ-সমবেদনা, ভ্রাতৃত্ব ও ঐক্যের প্রতীক। এই উৎসব বিশ্বজুড়ে শান্তি, সম্প্রীতি, সুস্বাস্থ্য ও সুখের বার্তা বহন করে।
তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশ ও ভারতের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং পারস্পরিক সহযোগিতা ভবিষ্যতে আরও সুদৃঢ় হবে।
সবশেষে, তিনি ঈদ উপলক্ষে দুই দেশের জনগণের কল্যাণ ও সমৃদ্ধি কামনা করেন।