জাতীয়

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৬ মার্চ ২০২৬, ০৯:১৯ এএম

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
ছবি: সংগৃহীত

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ২৬ মার্চ জাতীয় স্মৃতিসৌধ-এ মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান।

সকালে স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তারা শ্রদ্ধা জানান। এ সময় বিউগলের করুণ সুর বেজে ওঠে এবং রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শহিদদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।

রাষ্ট্রপতির আনুষ্ঠানিক শ্রদ্ধা নিবেদনের পর মন্ত্রিপরিষদের সদস্যদের সঙ্গে নিয়ে পৃথকভাবে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। পরে তারা স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন এবং সেখানে উপস্থিত বিদেশি কূটনীতিকদের সঙ্গে কুশল বিনিময় করেন।

এদিন প্রধান বিচারপতিও অন্যান্য বিচারপতিদের সঙ্গে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পর্যায়ক্রমে তিন বাহিনীর প্রধান, মুক্তিযোদ্ধা, তাদের পরিবারের সদস্য এবং জুলাই আন্দোলনে আহত ও নিহতদের স্বজনরাও শ্রদ্ধা জানান।

এছাড়া বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও বিদেশি কূটনীতিকরা ফুলেল শ্রদ্ধার মাধ্যমে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করেন।