জাতীয়
সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করতে চাই: প্রধানমন্ত্রী
সশস্ত্র বাহিনীকে আরও সক্ষম ও আধুনিক করে গড়ে তোলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি উল্লেখ করেন, সশস্ত্র বাহিনীর সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক গভীর, কারণ তিনি নিজেও একটি সামরিক পরিবারের সন্তান। দায়িত্বে নিয়োজিত সদস্যদের প্রতি রাষ্ট্রের দায়িত্ব রয়েছে বলেও তিনি মন্তব্য করেন।
বৃহস্পতিবার আগারগাঁওয়ের পুরাতন বিমানবন্দরের জাতীয় প্যারেড গ্রাউন্ডে সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে সশস্ত্র বাহিনী প্রতিষ্ঠিত হয়েছে, সেই মূল চেতনাকে ধারণ করেই সবাইকে দেশের কল্যাণে কাজ করতে হবে।
এর আগে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য কুচকাওয়াজ উপভোগ করেন সরকারপ্রধান। অনুষ্ঠান শেষে তিনি তিন বাহিনীর প্রধানসহ উপস্থিত ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এবারের কুচকাওয়াজে দেশপ্রেম, শৃঙ্খলা ও সামরিক দক্ষতার এক চমৎকার সমন্বয় দেখা যায়, যা উপস্থিত সবাইকে মুগ্ধ করে।
এ সময় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন এবং প্যারেড কমান্ডার নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল এস এম আসাদুল হকসহ অন্যান্য ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।