দেশজুড়ে জ্বালানি তেলের অবৈধ মজুদদারি ঠেকাতে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। অবৈধভাবে তেল মজুদের সুনির্দিষ্ট তথ্য দিতে পারলে সংশ্লিষ্ট তথ্যদাতাকে পুরস্কৃত করা হবে বলে জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।
শুক্রবার মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, জ্বালানি তেলের সরবরাহ ও বাজার পরিস্থিতি তদারকিতে দেশের প্রতিটি জেলায় ভিজিল্যান্স টিম গঠন করা হয়েছে। এসব টিম নিয়মিত অভিযান ও নজরদারির মাধ্যমে অবৈধ মজুদদারি প্রতিরোধে কাজ করবে।
বিবৃতিতে আরও বলা হয়, অবৈধ মজুদদারি বন্ধে জনসচেতনতা বাড়াতে তথ্যদাতাদের জন্য পুরস্কার ঘোষণা করা হবে। একই সঙ্গে সচেতন নাগরিকদের সুনির্দিষ্ট অভিযোগ ও পরামর্শ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর আহ্বান জানানো হয়েছে।
এদিকে, বৈশ্বিক পরিস্থিতির প্রেক্ষাপটে জ্বালানি ব্যবহারে সংযমী হওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)। প্রতিষ্ঠানটি বলেছে, অপ্রয়োজনীয়ভাবে অতিরিক্ত জ্বালানি কিনে মজুত না করে স্বাভাবিক ক্রয় প্রক্রিয়া বজায় রাখা এবং সাশ্রয়ী ব্যবহার নিশ্চিত করা জরুরি।
সংশ্লিষ্টরা মনে করছেন, এ উদ্যোগ বাস্তবায়িত হলে বাজারে কৃত্রিম সংকট ও অস্থিরতা কমবে এবং জ্বালানি সরবরাহ ব্যবস্থাও আরও স্বাভাবিক থাকবে।