জাতীয়

বর্তমান পোশাকে সন্তুষ্ট নয় পুলিশ সদস্যরা: স্বরাষ্ট্রমন্ত্রী


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৮ মার্চ ২০২৬, ০২:২৪ পিএম

বর্তমান পোশাকে সন্তুষ্ট নয় পুলিশ সদস্যরা: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত

বাংলাদেশ পুলিশের বর্তমান পোশাক নিয়ে অসন্তোষের কথা তুলে ধরে পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

শনিবার (২৮ মার্চ) বাংলাদেশ পুলিশ একাডেমি-তে ৪৩তম বিসিএস শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘বাংলাদেশ পুলিশের একটি প্রত্যাশা আছে, আবেদন আছে। সর্বস্তরের পুলিশের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে যেটা অনুধাবন করেছি তা হলো বর্তমানের যে পোশাক, এই পোশাকে পুলিশ সদস্যরা সন্তুষ্ট নয়। সুতরাং ঐতিহ্য মণ্ডিত যেন একটি পোশাক পুলিশ বাহিনী পায় সেজন্য সরকারের সর্বোচ্চ মহলে আলোচনা করে একটি সিদ্ধান্ত দেব ইনশাআল্লাহ।’

তিনি বলেন, সরকার পুলিশ বাহিনীকে দলীয় প্রভাবমুক্ত করে জনগণের সেবামুখী একটি আধুনিক ও মানবিক প্রতিষ্ঠানে রূপান্তর করতে চায়। এ লক্ষ্য বাস্তবায়নে জনবল বৃদ্ধি, কাঠামোগত উন্নয়ন এবং একটি স্বাধীন পুলিশ সংস্কার কমিশন গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।

নবীন কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি সততা, পেশাদারিত্ব ও মানবিক আচরণের ওপর গুরুত্বারোপ করেন। একইসঙ্গে চেইন অব কমান্ড, শৃঙ্খলা ও নেতৃত্বের সমন্বয়কে একটি শক্তিশালী বাহিনীর মূল ভিত্তি হিসেবে উল্লেখ করেন।

ডিজিটাল যুগে সাইবার অপরাধ মোকাবিলায় দক্ষতা অর্জনেরও আহ্বান জানান তিনি। তার মতে, প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে আধুনিক জ্ঞান ও সক্ষমতা অর্জন এখন সময়ের দাবি।

এছাড়া একাত্তরের শহীদ পুলিশ সদস্যদের স্মরণ করে তিনি বলেন, দেশের পরিবর্তনশীল প্রেক্ষাপটে নতুন কর্মকর্তাদের দায়িত্ব আরও বেশি। জনগণের আস্থা অর্জনের মাধ্যমে একটি কার্যকর ও মানবিক পুলিশ বাহিনী গড়ে তোলার ওপর জোর দেন তিনি।