জাতীয়
প্রকৃত মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা প্রকাশ করা হবে: মুক্তিযুদ্ধ মন্ত্রী
সব ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশের প্রকৃত মুক্তিযোদ্ধাদের একটি সঠিক ও নির্ভুল তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন আহমেদ আযম খান।
শনিবার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নগর ভবন প্রাঙ্গণে আয়োজিত বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, অতীতে সঠিক জরিপ ও যাচাই-বাছাই ছাড়াই যে বিপুলসংখ্যক মুক্তিযোদ্ধার তালিকা প্রস্তুত করা হয়েছিল, তা নিয়ে জনমনে নানা প্রশ্ন তৈরি হয়েছে। তাই নতুন করে যাচাই-বাছাই করে একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য তালিকা প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, মহান স্বাধীনতা বাংলাদেশের ইতিহাসে একক ও অনন্য ঘটনা। পরবর্তীকালে ১৯৯০ সালের গণ-আন্দোলন কিংবা ২০২৪ সালের রাজনৈতিক অভ্যুত্থান গুরুত্বপূর্ণ হলেও এগুলোকে মুক্তিযুদ্ধের সঙ্গে এক করে দেখা উচিত নয়।
মন্ত্রী জানান, প্রকৃত মুক্তিযোদ্ধাদের সম্মান ও অধিকার নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং এ লক্ষ্যে যাচাই-বাছাই প্রক্রিয়া আরও শক্তিশালী করা হবে।
অনুষ্ঠানে উপস্থিত মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, তাদের আত্মত্যাগের মাধ্যমেই দেশের স্বাধীনতা অর্জিত হয়েছে, তাই তাদের যথাযথ মর্যাদা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।