জাতীয়
স্বাস্থ্য খাতের তহবিল শূন্য, গজ-ব্যান্ডেজ-সিরিঞ্জ কেনার টাকা নেই: স্বাস্থ্যমন্ত্রী
দেশের স্বাস্থ্য খাতে তীব্র অর্থসংকটের কথা তুলে ধরেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। তিনি জানিয়েছেন, উন্নয়নমূলক কাজের জন্য বর্তমানে কোনো তহবিল অবশিষ্ট নেই, এমনকি প্রাথমিক চিকিৎসাসামগ্রী কেনাতেও সমস্যা দেখা দিয়েছে।
রোববার (২৯ মার্চ) জাতীয় সংসদে গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সারের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, পূর্ববর্তী সরকারের সময় স্বাস্থ্য খাতে অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে খাতটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে ২৫০ শয্যার হাসপাতাল নির্মাণে পরিকল্পনার ঘাটতি ও নিম্নমানের কাজের উদাহরণ তুলে ধরে তিনি বলেন, অনেক স্থাপনায় প্রবেশপথের পাশেই বাথরুম স্থাপন করা হয়েছে, যা ব্যবহারকারীদের জন্য ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, দ্রুত অর্থ আত্মসাতের উদ্দেশ্যে এসব প্রকল্প বাস্তবায়ন করা হয়েছিল, যার ফলে কাঠামোগত মান ও কার্যকারিতায় বড় ধরনের সমস্যা দেখা দিয়েছে।
বর্তমান বাস্তবতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতেও গজ, ব্যান্ডেজ ও সিরিঞ্জের মতো মৌলিক সামগ্রী কেনার অর্থের অভাব রয়েছে বলে জানান মন্ত্রী।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, এ সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রীর সঙ্গে একাধিকবার আলোচনা হয়েছে। আগামী বাজেটের পর সীমিত সম্পদের মধ্যে ধাপে ধাপে উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবার উন্নয়ন করা হবে।
তিনি আরও জানান, সরকার পর্যায়ক্রমে জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে।