জাতীয়

অফিস শুরুর প্রথম ৪০ মিনিট নিজ কক্ষে অবস্থান বাধ্যতামূলক


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ৩০ মার্চ ২০২৬, ০৫:০৩ পিএম

অফিস শুরুর প্রথম ৪০ মিনিট নিজ কক্ষে অবস্থান বাধ্যতামূলক
ছবিঃ সংগৃহিত

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অফিস শুরুর প্রথম ৪০ মিনিট নিজ কক্ষে অবস্থান করার নির্দেশনা দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

গতকাল রবিবার (২৯ মার্চ) মন্ত্রণালয় থেকে জারি করা এক অফিস আদেশে এই নির্দেশনা প্রদান করা হয়।  

নির্দেশনায় বলা হয়, প্রতিদিন সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত সকল কর্মকর্তা-কর্মচারীকে নিজ নিজ অফিস কক্ষে উপস্থিত থাকতে হবে। দাপ্তরিক কর্মসূচি বা মিটিং নির্ধারণের ক্ষেত্রেও এই সময়সীমা যাতে বিঘ্নিত না হয়, সে বিষয়ে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে মন্ত্রিপরিষদ বিভাগ থেকেও অনুরূপ নির্দেশনা দেওয়া হয়েছিল।

অফিস আদেশে উপস্থিতি নিশ্চিত করার পাশাপাশি বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় এবং অফিস পরিচ্ছন্ন রাখার বিষয়েও বেশ কিছু কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে:

প্রাকৃতিক আলোর ব্যবহার:

দিনের বেলায় পর্যাপ্ত আলো থাকলে বৈদ্যুতিক বাতি পরিহার করে জানালা, দরজা বা ব্লাইন্ড খোলা রেখে প্রাকৃতিক আলো ব্যবহার করতে হবে।


বিদ্যুৎ সাশ্রয়: 

অফিসে অপ্রয়োজনীয় লাইট, ফ্যান ও এসি বন্ধ রাখতে হবে। এসি ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার উপরে রাখতে হবে। কক্ষ ত্যাগের সময় এবং অফিস শেষে কম্পিউটার, প্রিন্টারসহ সকল বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ নিশ্চিত করতে হবে।


পরিচ্ছন্নতা ও মনিটরিং:

অফিস কক্ষ, করিডোর, সিঁড়ি ও টয়লেট নিয়মিত পরিষ্কার রাখতে হবে। এসব নির্দেশনা সঠিকভাবে পালন হচ্ছে কি না, তা তদারকি ও মনিটরিং করার জন্য প্রতিটি দপ্তর ও সংস্থাকে ‘ভিজিল্যান্স টিম’ গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার পাশাপাশি সরকারি বিশেষ নির্দেশনা ছাড়া যেকোনো ধরনের আলোকসজ্জা পরিহার করতেও বলা হয়েছে এই আদেশে।