জাতীয়
দেশে মব কালচার অ্যালাউ করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশে তথাকথিত ‘মব কালচার’ বা গণপিটুনির ঘটনা আর গ্রহণযোগ্য হবে না। দাবি আদায়ের আড়ালে সড়ক অবরোধ বা বিশৃঙ্খলা সৃষ্টি করলে সরকার কঠোর ব্যবস্থা নেবে।
সোমবার (৩০ মার্চ) জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য রুমিন ফারহানার প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। রুমিন ফারহানা উল্লেখ করেন, ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে ২০২৬ সালের জানুয়ারি পর্যন্ত ‘মব কালচার’-সহ বিভিন্ন সহিংস ঘটনায় প্রায় ২৫০-৩০০ জন নিহত হয়েছেন এবং নিজেও ২১ ফেব্রুয়ারির এক ঘটনার ভুক্তভোগী হয়েছেন। তিনি সরকারের পদক্ষেপ জানতে চান।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, দায়িত্ব নেওয়ার পর থেকে সরকার স্পষ্টভাবে ঘোষণা করেছে, দেশের কোথাও আর মব কালচার চলতে দেওয়া হবে না। অতীতের সড়ক অবরোধের প্রবণতাও আর সহ্য করা হবে না।
তিনি আরও বলেন, সব ধরনের সহিংস ঘটনা মব হিসেবে বলা ঠিক নয়। কোনো প্রতিষ্ঠান বা স্থাপনায় পরিকল্পিত হামলা বা ভাঙচুর সুসংগঠিত অপরাধ হিসেবে গণ্য হবে, যার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, দাবি থাকলেও তা গণতান্ত্রিক পদ্ধতিতে উপস্থাপন করতে হবে। স্মারকলিপি, সেমিনার বা শান্তিপূর্ণ জনসমাবেশের মাধ্যমে মত প্রকাশের অধিকার সবসময় থাকবে। তবে মবের মাধ্যমে দাবি আদায় চলবে না এবং সরকার বাকস্বাধীনতা ও সংগঠনের অধিকার নিশ্চিত করবে।