জাতীয়

প্রথমবারের মতো দেশে বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা পরিষদ গঠন করলেন প্রধানমন্ত্রী


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৬, ০৮:৪০ পিএম

প্রথমবারের মতো দেশে বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা পরিষদ গঠন করলেন প্রধানমন্ত্রী
ছবি: বিডা

দেশের ব্যবসা ও বিনিয়োগ পরিবেশ উন্নয়নে নতুন উদ্যোগ হিসেবে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদ গঠন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই পরিষদের মাধ্যমে উদ্যোক্তারা সরাসরি সরকারের সর্বোচ্চ পর্যায়ে মতামত দেওয়ার সুযোগ পাবেন।

শনিবার (৪ এপ্রিল) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী নিজেই এবং দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেন।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশকে বৈশ্বিক প্রতিযোগিতায় এগিয়ে রাখতে হলে নীতি ও আইনের ক্ষেত্রে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ জরুরি। তিনি আরও উল্লেখ করেন, সরকারি উদ্যোগ ও বেসরকারি খাতের সমন্বয়ে একটি কার্যকর ও বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তোলা হবে।

সভায় অংশ নেওয়া ব্যবসায়ী প্রতিনিধিরা এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখেছেন। তারা ব্যবসায়িক চ্যালেঞ্জ মোকাবিলায় একটি সংক্ষিপ্ত ও লক্ষ্যভিত্তিক প্রস্তাবনা তৈরির সিদ্ধান্ত নেন, যাতে বাস্তবসম্মত কর্মপরিকল্পনা অন্তর্ভুক্ত থাকবে।

বৈঠকে রফতানি উন্নয়ন ব্যুরোর প্রধান নির্বাহী কর্মকর্তা আশিক চৌধুরী বলেন, এই পরিষদ দেশের সংস্কার কার্যক্রম ও বিনিয়োগ এজেন্ডা এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে বেসরকারি খাতের মতামত একটি কাঠামোবদ্ধ উপায়ে সরকারের কাছে পৌঁছানো সম্ভব হবে।

সভায় উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুকতাদিরসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এছাড়া দেশের শীর্ষ ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা পরিষদের সদস্য হিসেবে যুক্ত হয়েছেন, যারা নীতি প্রণয়ন ও সংস্কার বিষয়ে সুপারিশ দেবেন।

Screenshot_1.jpg

সরকারি সংস্থা বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এই পরিষদের সমন্বয়কারী হিসেবে কাজ করবে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সঙ্গে সমন্বয় করে প্রস্তাবিত কর্মপরিকল্পনা বাস্তবায়নে সহায়তা দেবে সংস্থাটি।