জাতীয়

সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে, তফসিল ঘোষণা ৮ এপ্রিল


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৬, ০২:৪৩ পিএম

সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে, তফসিল ঘোষণা ৮ এপ্রিল
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন আগামী ১২ মে অনুষ্ঠিত হবে। এ নির্বাচনকে সামনে রেখে ৮ এপ্রিল তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (৬ এপ্রিল) আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে অনুষ্ঠিত কমিশনের ১১তম সভা শেষে এ তথ্য জানান সংস্থাটির সিনিয়র সচিব আখতার আহমেদ।

তিনি জানান, ৯ মে অনুষ্ঠিতব্য বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচনও কমিশনের কাছে বিশেষ গুরুত্ব পাচ্ছে।

এদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বর্তমানে প্রায় ৫০টি মামলা বিচারাধীন রয়েছে। এসব মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট এলাকার নির্বাচনী সামগ্রী সংরক্ষণ করা হবে এবং তা এক বছর পর্যন্ত রাখা হতে পারে বলে জানান তিনি।

কমিশন সভায় মোট পাঁচটি আলোচ্য বিষয় ছিল, যার মধ্যে সংরক্ষিত নারী আসনের নির্বাচন ও সংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্ব পায়। সংসদে প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলগুলো তাদের আসনসংখ্যার ভিত্তিতে প্রার্থীদের মনোনয়ন দেবে, এবং তারাই মূলত নির্বাচিত হবেন। ইতোমধ্যে দলগুলো তাদের তালিকা ইসিতে জমা দিয়েছে।

আইন অনুযায়ী, সাধারণ আসনের নির্বাচনের গেজেট প্রকাশের ৯০ দিনের মধ্যে সংরক্ষিত নারী আসনের নির্বাচন সম্পন্ন করার বাধ্যবাধকতা রয়েছে। গত ১৩ ফেব্রুয়ারি গেজেট প্রকাশ হওয়ায় এ নির্বাচন সম্পন্ন করার সময়সীমা রয়েছে আগামী ১৪ মে পর্যন্ত।

নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচন শেষ করতে চায় নির্বাচন কমিশন।