জাতীয়

সরকার শিক্ষাকে শ্রেষ্ঠ বিনিয়োগ হিসেবে বিবেচনা করে: প্রধানমন্ত্রী


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬, ১২:২৬ পিএম

সরকার শিক্ষাকে শ্রেষ্ঠ বিনিয়োগ হিসেবে বিবেচনা করে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান সরকার শিক্ষাকে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হিসেবে দেখে এবং একটি গুণগত, জীবনমুখী ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।

বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য মো. সেলিম রেজার প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, সরকার শিক্ষাখাতে বরাদ্দ পর্যায়ক্রমে জিডিপির ৫ শতাংশে উন্নীত করার পরিকল্পনা গ্রহণ করেছে। এ লক্ষ্যে ৪৩টি ক্ষেত্র চিহ্নিত করে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সরকার বিশেষ উদ্যোগ নিয়েছে। চলতি অর্থবছরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই লাখ শিক্ষার্থীকে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ করা হবে। এছাড়া, সকল উপজেলায় পর্যায়ক্রমে স্কুল ফিডিং/মিড-ডে মিল চালুর পরিকল্পনা রয়েছে, যা শিক্ষার্থীদের পুষ্টি চাহিদা পূরণে সহায়তা করবে।

প্রধানমন্ত্রী আরও জানান, প্রাথমিক, মাধ্যমিক ও সমমানের সকল শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন করা হবে। ডিজিটাল বৈষম্য কমাতে দেশের দেড় হাজার শিক্ষা প্রতিষ্ঠানে ফ্রি ওয়াই-ফাই সংযোগ এবং প্রতিটি শিক্ষার্থী ও শিক্ষকের জন্য অনন্য ডিজিটাল পরিচয় (‘এডু-আইডি’) প্রদান করা হবে।

মাধ্যমিক পর্যায়ে সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হবে। পর্যায়ক্রমে সব উপজেলায় টেকনিক্যাল স্কুল ও কলেজ, এবং প্রতিটি জেলায় পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপনের পরিকল্পনা রয়েছে। দেশের ২ হাজার ৩৩৬টি কারিগরি ও ৮ হাজার ২৩২টি মাদরাসা শিক্ষাপ্রতিষ্ঠানে আগামী ১৮০ দিনের মধ্যে ফ্রি ওয়াই-ফাই সংযোগ চালু করা হবে।

মাদরাসা শিক্ষাকে আধুনিক ও যুগোপযোগী করার জন্য স্মার্ট ক্লাসরুম স্থাপন, শিক্ষকদের প্রশিক্ষণ বৃদ্ধি এবং কারিগরি কোর্স অন্তর্ভুক্ত করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

এছাড়া আইসিটি বিভাগের আওতাধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) আগামী ছয় মাসের মধ্যে শিক্ষার্থীদের জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সাইবার সিকিউরিটি, মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট ও ডিজাইন (ফ্লাটার), পাইথন প্রোগ্রামিং এবং এআই-ভিত্তিক ডিজিটাল মার্কেটিং বিষয়ে প্রশিক্ষণের উদ্যোগ নেবে সরকার।