জাতীয়

১৪ এপ্রিল শুরু হচ্ছে ‘কৃষক কার্ড’ কর্মসূচি, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬, ০৬:১২ পিএম

১৪ এপ্রিল শুরু হচ্ছে ‘কৃষক কার্ড’ কর্মসূচি, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

দেশব্যাপী কৃষকদের জন্য নতুন উদ্যোগ হিসেবে ‘কৃষক কার্ড’ কর্মসূচির প্রি-পাইলট কার্যক্রম চালু হতে যাচ্ছে আগামী ১৪ এপ্রিল। এদিন সকাল ১০টায় টাঙ্গাইল সদরের শহীদ মারুফ স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করবেন।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় শনিবার (১১ এপ্রিল) এক চিঠির মাধ্যমে জানিয়েছে, এই কর্মসূচির আওতায় প্রাথমিকভাবে দেশের বিভিন্ন অঞ্চলের একাধিক উপজেলায় একযোগে কার্যক্রম শুরু হবে।

নির্বাচিত উপজেলাগুলোর মধ্যে রয়েছে—টাঙ্গাইল সদর, পঞ্চগড় সদর ও বোদা, বগুড়ার শিবগঞ্জ, ঝিনাইদহের শৈলকুপা, পিরোজপুরের নেছারাবাদ, কক্সবাজারের টেকনাফ, কুমিল্লার আদর্শ সদর, জামালপুরের ইসলামপুর, রাজবাড়ীর গোয়ালন্দ এবং মৌলভীবাজারের জুড়ী।

সরকারের এই উদ্যোগের মাধ্যমে কৃষকদের তথ্যভিত্তিক সেবা, সহায়তা এবং বিভিন্ন সুবিধা আরও সহজে পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

‘কৃষক কার্ড’ কর্মসূচির মাধ্যমে কৃষি খাতে ডিজিটাল ব্যবস্থাপনা জোরদার হবে এবং কৃষকদের জন্য একটি সমন্বিত তথ্যভান্ডার তৈরি করা সম্ভব হবে বলেও আশা করা হচ্ছে।