জাতীয়

দূরপাল্লার ট্রেনে যুক্ত হচ্ছে ফ্রি ওয়াইফাই


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ০৮:৫৫ এএম

দূরপাল্লার ট্রেনে যুক্ত হচ্ছে ফ্রি ওয়াইফাই
ছবি: সংগৃহীত

দেশের পর্যটন খাতকে আরও আকর্ষণীয় ও বিনিয়োগবান্ধব করতে বড় ধরনের উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে সব দূরপাল্লার ট্রেন এবং দেশের বিমানবন্দরগুলোতে পর্যায়ক্রমে ফ্রি ওয়াইফাই সেবা চালুর পরিকল্পনা বাস্তবায়ন শুরু হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে ‘সবার জন্য ইন্টারনেট’ শীর্ষক এক মতবিনিময় সভায় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, আধুনিক ইন্টারনেট সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া সরকারের অগ্রাধিকার। ইতোমধ্যে চারটি ট্রেনে পরীক্ষামূলকভাবে ইন্টারনেট সেবা চালু করা হয়েছে, যার মধ্যে দুটি ট্রেন কক্সবাজার রুটে চলাচল করছে। একই সঙ্গে সরকারি হাসপাতালগুলোতেও বিনামূল্যে ওয়াই-ফাই চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, শুধু ট্রেন বা বিমানবন্দর নয়—পর্যটন কেন্দ্রগুলোতেও ধাপে ধাপে ফ্রি ইন্টারনেট সেবা চালু করা হবে। বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে অবকাঠামোগত উন্নয়ন এবং বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে কাজ করছে সরকার। তবে এ ক্ষেত্রে স্থানীয়দের আন্তরিক আচরণ ও পরিচ্ছন্নতা বজায় রাখার ওপরও গুরুত্ব দেন তিনি।

সমুদ্র উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা প্রসঙ্গে মন্ত্রী বলেন, বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার ও জেলেদের জন্য স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট চালু করা জরুরি। এতে ঘূর্ণিঝড়ের আগাম সতর্কতা পাওয়া, জলদস্যুতা প্রতিরোধ এবং জরুরি যোগাযোগ সহজ হবে।

সভায় প্রযুক্তি শিক্ষার প্রসার নিয়েও গুরুত্বারোপ করা হয়। উপজেলা পর্যায়ে ইন্টারনেট বিস্তারের পাশাপাশি ফ্রিল্যান্সিং ও কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে দক্ষ জনবল গড়ে তুলতে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে সরকার।

কক্সবাজারের জেলা প্রশাসক এমএ মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা রেহেন আসিফ আসাদ, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খান এবং পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমানসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় নিরাপদ ইন্টারনেট ব্যবহার, সাইবার নিরাপত্তা এবং ডিজিটাল শিক্ষার উন্নয়ন নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে বিটিসিএল-এর ইন্টারনেট সেবায় গ্রাহকভোগান্তি ও দীর্ঘসূত্রতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন বক্তারা।