জাতীয়

পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক: প্রধানমন্ত্রী


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ০৭:২৩ পিএম

পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: পিএমও

বাংলা নববর্ষ উপলক্ষে জাতির উদ্দেশে এক বাণী দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক, যা শতাব্দীর পর শতাব্দী ধরে নতুন বছরের বার্তা নিয়ে ফিরে আসে এবং মানুষকে নতুনভাবে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জোগায়।

বাণীতে তিনি বাংলা ১৪৩২ সালকে বিদায় জানিয়ে ১৪৩৩ সালকে স্বাগত জানান এবং দেশবাসীসহ বিশ্বের সব বাংলাভাষী মানুষকে নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

প্রধানমন্ত্রী বলেন, পহেলা বৈশাখের সঙ্গে এ অঞ্চলের কৃষি ও প্রকৃতিনির্ভর জীবনযাত্রার গভীর সম্পর্ক রয়েছে। আধুনিক প্রযুক্তির যুগেও কৃষিকাজ ও ফসল উৎপাদনের সময় নির্ধারণে প্রকৃতির ভূমিকা গুরুত্বপূর্ণ। এ দিনটি বাঙালির হাজার বছরের লোকজ সংস্কৃতি, কৃষ্টি ও ঐতিহ্যকে নতুনভাবে জাগ্রত করে।

তিনি আরও বলেন, বৈশাখি মেলা, শোভাযাত্রা ও হালখাতার মতো ঐতিহ্যবাহী আয়োজন দেশের সংস্কৃতিকে সমৃদ্ধ করে এবং মানুষের মধ্যে ঐক্য ও সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করে।

তারেক রহমান উল্লেখ করেন, নববর্ষ নতুন সম্ভাবনা ও প্রত্যাশার বার্তা নিয়ে আসে, যেখানে মানুষের মনে আশাবাদ ও উদ্যম নতুন করে জাগ্রত হয়। তিনি বলেন, বর্তমান সরকার জনগণের জীবনমান উন্নয়নে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে এবং কৃষি ও কৃষকের কল্যাণে কৃষক কার্ড কর্মসূচি চালু করা হয়েছে, যা ভবিষ্যতে কৃষি অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও আশা প্রকাশ করেন, দেশের ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ, সহনশীলতা ও সম্প্রীতির চর্চা গণতান্ত্রিক ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে। একইসঙ্গে তিনি বলেন, বিশ্বজুড়ে সংকট ও সংঘাতের সময়ে শান্তি, সহমর্মিতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ আরও বেশি প্রয়োজন।

বাণীর শেষাংশে প্রধানমন্ত্রী দেশবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানান।