জাতীয়

চাষিদের হাতে 'কৃষক কার্ড' তুলে দিলেন প্রধানমন্ত্রী


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬, ০১:৫৩ পিএম

চাষিদের হাতে 'কৃষক কার্ড' তুলে দিলেন প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

পহেলা বৈশাখের দিন টাঙ্গাইলে ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (১৪ এপ্রিল) বেলা সোয়া ১২টার দিকে শহীদ মারুফ স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম চালু করেন।

উদ্বোধনের অংশ হিসেবে নির্বাচিত কৃষকদের হাতে ‘কৃষক কার্ড’ তুলে দেওয়া হয়, যার মাধ্যমে সরাসরি প্রণোদনার অর্থ তাদের কাছে পৌঁছানো শুরু হয়েছে।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাথমিকভাবে দেশের ১১টি কৃষি ব্লকে এ কর্মসূচি পরীক্ষামূলকভাবে বাস্তবায়ন করা হবে। এই পর্যায়ে ২০ হাজার ৬৭১ জন ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষক কার্ডের আওতায় আসবেন। কৃষি কার্ডের মাধ্যমে কৃষক, মৎস্যচাষি ও দুগ্ধ খামারিরা নগদ প্রণোদনা, ন্যায্যমূল্যে কৃষি উপকরণ, সেচসুবিধা, সহজ শর্তে ঋণ, কৃষিবিমাসহ মোট ১০ ধরনের বিশেষ সুবিধা পাবেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন তার উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

‘কৃষক কার্ড’ কর্মসূচি সরকারের অন্যতম নির্বাচনি প্রতিশ্রুতি হিসেবে উল্লেখযোগ্য। এর আগে ফ্যামিলি কার্ড, ক্রীড়া কার্ড ও খালখনন কর্মসূচিও বাস্তবায়ন করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।