জাতীয়
৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে: প্রধানমন্ত্রী
জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৪তম দিনের প্রশ্নোত্তর পর্বে দেশের বিভিন্ন উন্নয়ন ও জনবল নিয়োগ সংক্রান্ত পরিকল্পনা তুলে ধরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানান, সরকারি বিভিন্ন খাতে প্রায় পাঁচ লাখ কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) সংসদে দেওয়া লিখিত জবাবে তিনি বলেন, এর মধ্যে শুধু জনপ্রশাসন মন্ত্রণালয় ও এর অধীন দপ্তরগুলোতে শূন্য পদের বিপরীতে ২৮৭৯ জনের নিয়োগ প্রক্রিয়া ইতোমধ্যে চলমান রয়েছে।
প্রধানমন্ত্রী আরও জানান, শহর ও গ্রামীণ এলাকায় খেলাধুলার সুযোগ বাড়াতে প্রতিটি ইউনিয়ন ও উপজেলায় নির্দিষ্ট পরিমাণ জমিতে খেলার মাঠ উন্নয়নের পরিকল্পনা নেওয়া হয়েছে। এ লক্ষ্যে কেন্দ্রীয় পর্যায়ে একটি কমিটি কাজ করছে।
তিনি বলেন, তথ্যপ্রযুক্তি খাতে অগ্রগতি নিশ্চিত করতে হাই-টেক পার্ক ও সফটওয়্যার সেন্টারগুলো কার্যকরভাবে পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক পেমেন্ট সেবা পেপাল চালুর বিষয়েও একটি কমিটি গঠন করা হয়েছে।
যুব ও ক্রীড়া উন্নয়নের অংশ হিসেবে জাতীয় ক্রীড়াবিদদের জন্য ক্রীড়া ভাতা চালু করা হয়েছে বলে জানান তিনি। প্রাথমিকভাবে ৫০০ জন ক্রীড়াবিদকে এই সুবিধার আওতায় আনার পরিকল্পনা থাকলেও প্রথম ধাপে ১২৯ জনকে ভাতা প্রদান করা হয়েছে।
এছাড়া বিদেশে উচ্চশিক্ষা গ্রহণে শিক্ষার্থীদের সহায়তা দিতে ল্যাংগুয়েজ স্টুডেন্ট ভিসার আওতায় ঋণসীমা ৩ লাখ থেকে বাড়িয়ে ১০ লাখ টাকা করা হয়েছে। জাপানগামী শিক্ষার্থীদের ক্ষেত্রে সার্টিফিকেট অব ইলিজিবেলিটির ভিত্তিতে সহজ শর্তে ঋণ দেওয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী।