জাতীয়
দেশে পেপাল চালু করতে উদ্যোগ নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী
বাংলাদেশে আন্তর্জাতিক অনলাইন পেমেন্ট সেবা চালুর উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বিশ্বব্যাপী ব্যবহৃত পেমেন্ট প্ল্যাটফর্ম পেপাল-এর কার্যক্রম দেশে চালু করতে সরকার ইতোমধ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে।
বুধবার (১৫ এপ্রিল) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে দেওয়া বক্তব্যে তিনি জানান, হাই-টেক পার্ক ও আইসিটি সেন্টারগুলোর কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি পেপাল চালুর লক্ষ্যে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে।
সরকারের এই উদ্যোগের লক্ষ্য হলো দেশের ফ্রিল্যান্সার, ই-কমার্স উদ্যোক্তা এবং তথ্যপ্রযুক্তি খাতের পেশাজীবীদের জন্য আন্তর্জাতিক লেনদেন সহজ করা।
এর আগে বিভিন্ন সময় পেপাল বাংলাদেশে কার্যক্রম শুরু করার আগ্রহ প্রকাশ করেছিল। বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারের সময় বিষয়টি নতুন করে গুরুত্ব পায়।
গত বছরের ডিসেম্বরে বাংলাদেশ ব্যাংক-এর তৎকালীন গভর্নর আহসান এইচ মনসুর জানিয়েছিলেন, পেপাল বাংলাদেশে চালু করার বিষয়ে অগ্রগতি হচ্ছে।
এছাড়া, পেপালের দক্ষিণ এশিয়া অঞ্চলের একটি প্রতিনিধিদল সিঙ্গাপুর থেকে এসে বাংলাদেশের ফ্রিল্যান্সার ও আইসিটি খাত সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠকও করেছিল বলে জানা গেছে।