জাতীয়

স্কুলের জন্য কেউ জমি দিলে তার নামেই প্রতিষ্ঠানের নামকরণ: শিক্ষামন্ত্রী 


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬, ০৩:৩৯ পিএম

স্কুলের জন্য কেউ জমি দিলে তার নামেই প্রতিষ্ঠানের নামকরণ: শিক্ষামন্ত্রী 
ছবিঃ সংগৃহিত

ঢাকা-সিলেট মহাসড়কের উন্নয়ন কাজের জন্য ১৮টি স্কুল ভাঙা পড়বে জানিয়ে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, এসব স্কুলের জন্য কেউ জমি দিলে তার নামেই নতুন স্কুলের নামকরণ করা হবে। 

আজ বুধবার (১৫ এপ্রিল) সকালে সিলেটে এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে সিলেট শিক্ষা বোর্ড এবং সিলেট অঞ্চলের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবদের সঙ্গে জালালাবাদ গ্যাস অডিটোরিয়ামে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। 

 সভায় সিলেটের শিক্ষা ও সামগ্রিক উন্নয়ন নিয়ে বক্তব্য তুলে ধরে জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলম বলেন, ঢাকা-সিলেট মহাসড়কের উন্নয়ন কাজের জন্য ১৮টি স্কুল ভাঙা পড়বে এবং এ বিষয়ে শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। 

জবাবে শিক্ষামন্ত্রী বলেন, ঢাকা-সিলেট মহাসড়কের পাশে থাকা বেশ কয়েকটি স্কুল ভেঙে ফেলা হবে।

তিনি শিক্ষানুরাগীদের উদ্দেশে বলেন, কেউ যদি স্কুল করার জন্য জায়গা দেন, তবে সেই ব্যক্তির নামেই স্কুলের নামকরণ করা হবে। সড়ক বিভাগ ও সরকার স্কুল নির্মাণে অর্থায়ন করবে।

সভায় সিলেটের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে বক্তব্য দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, সংসদ সদস্য কায়সার, এমরান আহমেদ, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েল লোদী এবং সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী।