জাতীয়

আগামীকাল বগুড়া সিটি কর্পোরেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ০৯:৫২ এএম

আগামীকাল বগুড়া সিটি কর্পোরেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

আগামীকাল সোমবার বগুড়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সফরকে ঘিরে জেলায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। সফরের অন্যতম আকর্ষণ হিসেবে বগুড়াকে দেশের ১৩তম সিটি কর্পোরেশন হিসেবে ঘোষণা দেওয়ার কথা রয়েছে।

সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী তাঁর পৈতৃক এলাকা গাবতলী উপজেলার বাগবাড়ীতে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমে অংশ নেবেন। পাশাপাশি খাল খনন কর্মসূচির উদ্বোধন এবং জেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সমাবেশেও উপস্থিত থাকার কথা রয়েছে।

উল্লেখ্য, বগুড়ার সঙ্গে তারেক রহমানের পারিবারিক ও রাজনৈতিক সম্পর্ক দীর্ঘদিনের। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর বড় ছেলে। স্থানীয়দের মতে, তাঁর এই সফর ঐতিহাসিক গুরুত্ব বহন করছে, কারণ দীর্ঘদিন পর গাবতলীর সন্তান হিসেবে প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো তিনি জেলায় আসছেন।

জেলা বিএনপির নেতারা জানিয়েছেন, সফরকে সফল করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। সমাবেশস্থল প্রস্তুতকরণসহ বিভিন্ন আয়োজন শেষ পর্যায়ে রয়েছে। স্থানীয় নেতাদের ভাষ্য অনুযায়ী, প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে জেলার সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক আগ্রহ ও উচ্ছ্বাস বিরাজ করছে।

জেলা বিএনপির নেতারা আরও জানান, এই সফরের মাধ্যমে উন্নয়নমূলক বেশ কিছু উদ্যোগের সূচনা হতে পারে, যা বগুড়ার সামগ্রিক অবকাঠামো উন্নয়নে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।