জাতীয়

জালানি তেলের পর এবার বাড়ল এলপি গ্যাসের দাম 


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ০৪:১৯ পিএম

জালানি তেলের পর এবার বাড়ল এলপি গ্যাসের দাম 
ছবিঃ সংগৃহীত

ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের মূল্য বাড়ানো হয়েছে। প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৭২৮ টাকা থেকে বাড়িয়ে ১৯৪০ টাকা নির্ধারণ করা হয়েছে।

আজ রবিবার (১৯ এপ্রিল) এক বার্তায় এ তথ্য জানিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন, যা আজ সন্ধ্যা থেকে কার্যকর হবে। 

এ হিসাবে ২ এপ্রিলের পর মাত্র ১৮ দিনের ব্যবধানে দুই দফায় ১২ কেজির এলপিজি সিলিন্ডারে দাম বাড়লো ৫৯৯ টাকা। অর্থাৎ, গত ১ এপ্রিল ১২ কেজির যে সিলিন্ডারটি ১৩৪১ টাকায় কেনা যেতো আজ থেকে সেটি কিনতে ভোক্তাকে গুনতে হবে ১ হাজার ৯৪০ টাকা।

এলপিজির ১২ কেজি সিলিন্ডার গৃহস্থালির কাজে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। গত ২ এপ্রিলের ঘোষণায় ভোক্তাপর্যায়ে প্রতি কেজি এলপি গ্যাসের দাম বেড়েছিল ৩২ টাকা ৩০ পয়সা। এবার প্রতি কেজিতে বাড়লো ১৭ টাকা ৬২ পয়সা।

১২ কেজির সিলিন্ডারের দাম ১৯৪০ টাকা ধরে এখন থেকে প্রতি কেজি এলপিজির দাম পড়বে ১৬১ টাকা ৬৬ পয়সা। এ হিসাবে বিভিন্ন আকারের এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারিত হবে।

ভোক্তাপর্যায়ে বিইআরসি ঘোষিত নতুন দামে বিভিন্ন ওজনের এলপিজি সিলিন্ডারের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে সাড়ে ৫ কেজি সিলিন্ডারের দাম ৮৮৯ টাকা, সাড়ে ১২ কেজির সিলিন্ডারের দাম দুই হাজার ২১ টাকা, ১৫ কেজির সিলিন্ডারের দাম দুই হাজার ৪২৫ টাকা, ১৬ কেজির সিলিন্ডারের দাম দুই হাজার ৫৮৭ টাকা, ১৮ কেজির সিলিন্ডারের দাম ২ হাজার ৯১০ টাকা, ২০ কেজি সিলিন্ডারের দাম তিন হাজার ২৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

পাশাপাশি ২২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ৩ হাজার ৫৫৭ টাকা, ২৫ কেজি সিলিন্ডারের দাম চার হাজার ৪২ টাকা, ৩০ কেজি সিলিন্ডারের দাম চার হাজার ৮৫০ টাকা, ৩৩ কেজির সিলিন্ডারের দাম পাঁচ হাজার ৩৩৫ টাকা, ৩৫ কেজি সিলিন্ডারের দাম পাঁচ হাজার ৬৫৮ টাকা ও ৪৫ কেজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে সাত হাজার ২৭৫ টাকা।

নতুন নির্ধারিত দামে সরকারি কোম্পানির সরবরাহ করা এলপিজির সাড়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ৮২৫ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে। অন্যদিকে, গাড়িতে ব্যবহৃত এলপিজির (অটো গ্যাস) দাম প্রতি লিটার ৭৯ টাকা ৭৭ পয়সা থেকে বাড়িয়ে ৮৯ টাকা ৫০ পয়সা নির্ধারণ করা হয়েছে।

এদিকে বিইআরসি জানিয়েছে, এলপিজি আমদানির জাহাজভাড়া ও ট্রেড্রারের প্রিমিয়াম চার্জ এবং ডিজেলের মূল্য পরিবর্তন বিবেচনায় ভোক্তাপর্যায়ে বেসরকারি এলপিজি ও অটোগ্যাসের মূল্য সমন্বয় করা হয়েছে।

উল্লেখ্য, ২০২১ সালের এপ্রিল থেকে এলপিজির দাম নির্ধারণ করে আসছে বিইআরসি।