জাতীয়
বগুড়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবার নিজ জেলা বগুড়ায় সফরে যাচ্ছেন তারেক রহমান।
সোমবার (২০ এপ্রিল) ভোর ৬টা ১০ মিনিটে ঢাকার গুলশানের বাসভবন থেকে সড়কপথে তিনি যাত্রা শুরু করেন।
সকাল সাড়ে ১০টার দিকে তার বগুড়া সার্কিট হাউসে পৌঁছানোর কথা রয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, দিনব্যাপী এই সফরে একাধিক উন্নয়নমূলক ও রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেবেন তিনি এবং সন্ধ্যা ৬টায় ঢাকার উদ্দেশে ফিরবেন।
সফরের অন্যতম আকর্ষণ হিসেবে বগুড়াকে দেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে ঘোষণা করে ‘বগুড়া সিটি করপোরেশন’-এর ফলক উন্মোচন করবেন প্রধানমন্ত্রী। এছাড়া সকাল ১১টায় জেলা আইনজীবী সমিতির নতুন ভবন উদ্বোধন, সোয়া ১১টায় জজ আদালতের ই-বেইলবন্ড কার্যক্রম চালু এবং সাড়ে ১১টায় পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন।
দুপুরের আগে তিনি শহর থেকে গাবতলী উপজেলার বাগবাড়ীর উদ্দেশে রওনা হবেন এবং সেখানে জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে হামের টিকা ক্যাম্পেইনের উদ্বোধন করবেন।
বিকেল ৪টায় শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় ভাষণ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। জনসভা শেষে বগুড়া প্রেসক্লাবের নতুন ভবন এবং বায়তুর রহমান কেন্দ্রীয় মসজিদের পুনর্নির্মাণ কাজের উদ্বোধন করবেন তিনি।
দিনের কর্মসূচি শেষে ঢাকায় ফেরার পথে সন্ধ্যা সাড়ে ৬টায় বগুড়া পল্লী উন্নয়ন একাডেমিতে সংক্ষিপ্ত যাত্রাবিরতি করবেন প্রধানমন্ত্রী।