জাতীয়

বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ১০:২৮ এএম

বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবার নিজ জেলা সফরে বগুড়ায় পৌঁছেছেন তারেক রহমান।

সোমবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে তিনি বগুড়া সার্কিট হাউসে পৌঁছান। এর আগে ভোর ৬টা ১০ মিনিটে ঢাকার গুলশানের বাসভবন থেকে সড়কপথে রওনা দেন তিনি।

প্রধানমন্ত্রীর সফরে তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান সঙ্গী হয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর এটি তার প্রথম বগুড়া সফর।

দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বগুড়া জেলায় বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের উদ্বোধন করবেন তিনি। এর মধ্যে রয়েছে জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের ফলক উন্মোচন, জজ আদালতের ই-বেইলবন্ড চালু এবং বগুড়া সিটি করপোরেশনের আনুষ্ঠানিক ঘোষণা।

এছাড়া গাবতলী উপজেলার বাগবাড়ীতে জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগ দেওয়া এবং নশিপুর এলাকায় চৌকিরদহ খাল খনন কার্যক্রমের সূচনা করার কথা রয়েছে।

সফরের অংশ হিসেবে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পৈতৃক বাড়ি পরিদর্শন করবেন। বিকেল ৪টায় শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন তিনি।

এছাড়া বগুড়া প্রেসক্লাবের নতুন ভবন এবং বাইতুর রহমান কেন্দ্রীয় মসজিদের পুনর্নির্মাণ কাজের উদ্বোধনও করবেন প্রধানমন্ত্রী।