জাতীয়

বগুড়া সিটি কর্পোরেশনের আনুষ্ঠানিক যাত্রা শুরু


রবিউল ইসলাম
প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ০২:২৬ পিএম

বগুড়া সিটি কর্পোরেশনের আনুষ্ঠানিক যাত্রা শুরু
ছবি: সংগৃহীত

দেশের নতুন সিটি কর্পোরেশন হিসেবে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে বগুড়া।

সোমবার (২০ এপ্রিল) দুপুরে পৌর ভবনে ফলক উন্মোচনের মাধ্যমে এই ঘোষণা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে বগুড়াবাসীর দাবি ছিল সিটি কর্পোরেশন প্রতিষ্ঠা। এই লক্ষ্য বাস্তবায়নে আগেই অবকাঠামোগত প্রস্তুতি নেওয়া হয়েছিল এবং আজ তা আনুষ্ঠানিক রূপ পেল।

তিনি আরও বলেন, একটি শহরকে বাসযোগ্য রাখতে শুধু প্রশাসনের ভূমিকা নয়, নাগরিকদের সচেতন অংশগ্রহণও জরুরি। শহরের পরিচ্ছন্নতা ও উন্নয়নে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, স্থানীয় সরকার সচিব শহীদুল হাসানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এর মাধ্যমে আগে থেকে বিদ্যমান ১২টি সিটি কর্পোরেশনের সঙ্গে নতুন করে যুক্ত হলো বগুড়া। দেশের অন্যান্য সিটি কর্পোরেশনের মধ্যে রয়েছে ঢাকা দক্ষিণ, ঢাকা উত্তর, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, বরিশাল, সিলেট, নারায়ণগঞ্জ, কুমিল্লা, রংপুর, গাজীপুর এবং ময়মনসিংহ।

এর আগে সকালে প্রধানমন্ত্রী বগুড়া জেলা আইনজীবী সমিতির নবনির্মিত ভবন উদ্বোধন করেন এবং জজ আদালত প্রাঙ্গণে একযোগে সাত জেলায় ই-বেইলবন্ড কার্যক্রম চালুর ঘোষণা দেন। এসব জেলার মধ্যে রয়েছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট এবং নারায়ণগঞ্জসহ অন্যান্য এলাকা।

প্রধানমন্ত্রী সকালেই বগুড়া সফরে পৌঁছান, যা দায়িত্ব গ্রহণের পর তার প্রথম নিজ জেলা সফর। দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি শেষে সন্ধ্যায় তার ঢাকায় ফেরার কথা রয়েছে।