জাতীয়

ট্যাক্স-ফ্রি গাড়ি ও প্লট না নেওয়ার সিদ্ধান্তে বিরোধী দলও একমত: চিফ হুইপ


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২১ এপ্রিল ২০২৬, ১০:১৯ পিএম

ট্যাক্স-ফ্রি গাড়ি ও প্লট না নেওয়ার সিদ্ধান্তে বিরোধী দলও একমত: চিফ হুইপ
ছবি: সংগৃহীত

সংসদ সদস্যদের জন্য ট্যাক্স ফ্রি গাড়ি সুবিধা ও সরকারি প্লট গ্রহণ না করার বিষয়ে সরকারি ও বিরোধী দলের মধ্যে নীতিগত ঐকমত্য তৈরি হয়েছে বলে জানিয়েছেন চিফ হুইপ নূরুল ইসলাম।

মঙ্গলবার (২১ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় অপ্রয়োজনীয় সুযোগ-সুবিধা কমানোর অংশ হিসেবেই এ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

এর আগে সংসদ অধিবেশনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ নিজের নির্বাচনী এলাকায় যাতায়াতের জন্য সরকারি গাড়ির দাবি তোলেন। তিনি বলেন, উপজেলা পর্যায়ে ইউএনও ও উপজেলা চেয়ারম্যানদের জন্য সরকারি গাড়ি থাকলেও সংসদ সদস্যদের জন্য তেমন কোনো ব্যবস্থা নেই, ফলে অনেক সময় ভাড়ায় গাড়ি ব্যবহার করতে হয়।

তার বক্তব্যের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানান, সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান শুরু থেকেই সংসদ সদস্যদের অতিরিক্ত সুবিধা না নেওয়ার বিষয়ে নির্দেশনা দিয়েছেন। বিদ্যমান আইন সংশোধনের মাধ্যমে ট্যাক্স ফ্রি গাড়ির সুবিধা বাতিলের বিষয়টিও বিবেচনায় রয়েছে। একই সঙ্গে জ্বালানি ব্যয় কমাতে বিভিন্ন খাতে কাটছাঁট করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

তবে সংসদ সদস্যদের কাজের সুবিধার্থে কোনো বাস্তবসম্মত সমাধান করা যায় কি না, সে বিষয়ে আলোচনা চলবে বলে জানান মন্ত্রী।

এদিকে বিরোধী দলের নেতা ডা. শফিকুর রহমান বলেন, তরুণ সংসদ সদস্যের দাবিকে একেবারে নাকচ না করে বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনার সুযোগ রাখা উচিত।

স্পিকার পরে জানান, বিষয়টি এখনো নীতিনির্ধারণী পর্যায়ে রয়েছে এবং প্রয়োজন হলে সরকার পুনর্বিবেচনা করতে পারে।