জাতীয়
হজ পালন করতে গিয়ে প্রথম বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু
চলতি হজ মৌসুমে সৌদি আরব-এ প্রথমবারের মতো এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যুর খবর পাওয়া গেছে। মৃত ব্যক্তির নাম মো. নইম উদ্দীন মন্ডল (৭৫)।
মঙ্গলবার (২১ এপ্রিল) পবিত্র মক্কায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার পাসপোর্ট নম্বর এ-১৯৯৫৯২৩৮। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, তিনি স্বাভাবিকভাবেই মৃত্যুবরণ করেছেন।
বুধবার (২২ এপ্রিল) রাত ৩টার দিকে হজ পোর্টালে আইটি হেল্পডেস্কের দৈনিক বুলেটিনে এ তথ্য প্রকাশ করা হয়।
এদিকে হজ ফ্লাইট কার্যক্রম শুরুর পর থেকে এখন পর্যন্ত মোট ৩০ হাজার ৫৬৩ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ২ হাজার ৮৭০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১৭ হাজার ৬৯৩ জন।
এ পর্যন্ত মোট ৫১টি ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করেছে ১৯টি, সৌদি এয়ারলাইন্স ১৮টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালনা করেছে ১৪টি ফ্লাইট।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে গত ১৮ এপ্রিল ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ আনুষ্ঠানিকভাবে হজ ফ্লাইট কার্যক্রমের উদ্বোধন করা হয়। আগামী ৩১ মে পর্যন্ত হজযাত্রী বহনকারী ফ্লাইট চলবে।
হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে ৩০ মে থেকে এবং তা চলবে ৩০ জুন পর্যন্ত।