জাতীয়
প্রাথমিকের শিক্ষার্থীদের পাটজাত ব্যাগ এবং স্কুল ড্রেস দিবে সরকার: মাহদী আমিন
দেশীয় পণ্যের ব্যবহার বাড়াতে এবং শিক্ষার্থীদের মধ্যে সমতা নিশ্চিত করতে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য পাটজাত ব্যাগ ও ইউনিফর্ম বিতরণের পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মুখপাত্র মাহদী আমিন।
বুধবার (২২ এপ্রিল) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি জানান, এই কর্মসূচি পর্যায়ক্রমে সারাদেশে বাস্তবায়ন করা হবে। পাইলট প্রকল্প হিসেবে আগামী জুলাই মাস থেকে দেশের প্রতিটি উপজেলায় দুটি করে প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে পাটের তৈরি ব্যাগ ও স্কুল ড্রেস বিতরণ শুরু হবে।
তিনি বলেন, প্রথম ধাপে প্রায় এক লাখ শিক্ষার্থীর কাছে এসব সামগ্রী পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে এ কার্যক্রম পরিচালিত হবে।
মাহদী আমিন আরও জানান, সরকারের লক্ষ্য হলো ‘মেড ইন বাংলাদেশ’ পণ্যকে দেশের মানুষের কাছে জনপ্রিয় করে তোলা এবং ছোটবেলা থেকেই শিক্ষার্থীদের মধ্যে দেশীয় পণ্যের প্রতি আগ্রহ তৈরি করা। একই সঙ্গে ধনী-দরিদ্রের বৈষম্য কমিয়ে একটি সমতাভিত্তিক সমাজ গড়ে তোলার দিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি বলেন, একই ধরনের পোশাক ও ব্যাগ ব্যবহারের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে সমতা ও ন্যায্যতার বার্তা পৌঁছে দেওয়া সম্ভব হবে। ভবিষ্যতে ধাপে ধাপে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচি সম্প্রসারণ করা হবে বলেও জানান তিনি।
এ উদ্যোগের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো পরিবেশবান্ধব পণ্য ব্যবহারে উৎসাহ দেওয়া। পাটজাত ব্যাগ ব্যবহারের মাধ্যমে শিশুদের শুরু থেকেই পরিবেশ সচেতন করে তোলার পাশাপাশি প্লাস্টিক নির্ভরতা কমানোর লক্ষ্য রয়েছে সরকারের।
সরকার মনে করছে, এ কর্মসূচির মাধ্যমে একদিকে যেমন দেশীয় পাটশিল্পের প্রসার ঘটবে, অন্যদিকে পরিবেশ রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে নতুন প্রজন্ম।