জাতীয়
এবার পুলিশের ১১ ডিআইজিসহ ১৩ কর্মকর্তা অবসরে
পুলিশের উচ্চপদের কর্মকর্তাদের রদবদল ও অবসরের মধ্যে এবার ১১ ডিআইজি ও ২ জন অতিরিক্ত ডিআইজিকে অবসরে পাঠিয়েছে সরকার।
আজ বুধবার (২২ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে তাদের অবসরের কথা বলা হয়েছে। এসব কর্মকর্তা পুলিশের ১৫, ১৭ ও ১৮ ব্যাচের।
তাদের বিরুদ্ধে জুলাই আন্দোলন সংক্রান্ত কোনো অভিযোগ না থাকলেও আওয়ামী লীগ সরকারের সময় তারা ‘পদোন্নতিসহ বিভিন্ন বিভাগীয় সুযোগ-সুবিধা পেয়েছেন বলে পুলিশের মধ্যে আলোচনা রয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশে বলা হয়েছে, বিসিএস পুলিশ ক্যাডারের এ কর্মকর্তাদের সরকারি চাকরি আইন ২০১৮ এর ৪৫ ধারার বিধান অনুযায়ী ‘জনস্বার্থে চাকরি থেকে অবসর দেওয়া হল।
ওই আইনে বলা হয়েছে, কোনো সরকারি কর্মচারীর চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হলে যেকোনো সময় সরকার জনস্বার্থে প্রয়োজন মনে করলে কোন কারণ দর্শানো ছাড়াই চাকরি থেকে অবসরে পাঠাতে পারবে। তবে শর্ত হল, যেক্ষেত্রে রাষ্ট্রপতি নিয়োগকারী কর্তৃপক্ষ, সেক্ষেত্রে রাষ্ট্রপতির অনুমতির প্রয়োজন হবে।
আদেশে আরও বলা হয়েছে, অবসরে পাঠানোর আদেশ অবিলম্বে কার্যকর হবে এবং তারা বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধা পাবেন।
এর আগে গত ৮ মার্চ পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদমর্যাদার ৫ কর্মকর্তাকে একই আইনে অবসরে পাঠায় সরকার। এছাড়া গত দুই দিনে পুলিশের ৩০ পদে রদবদলও করা হয়েছে।