জাতীয়
দূরপাল্লা ও আন্তজেলায় প্রতি কিলোমিটারে বাসভাড়া ১১ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত: সড়ক পরিবহনমন্ত্রী
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে দূরপাল্লা ও আন্তজেলা বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১১ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম এ তথ্য জানিয়েছেন।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সচিবালয়ে পরিবহন মালিকদের সঙ্গে বৈঠক শেষে তিনি বলেন, ঢাকা–চট্টগ্রামসহ দূরপাল্লার রুট এবং আন্তজেলা যাত্রায় নতুন এই ভাড়া কার্যকর হবে। তবে তিনি এটিকে সরাসরি ‘ভাড়া বৃদ্ধি’ না বলে জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে ‘ভাড়া সমন্বয়’ হিসেবে উল্লেখ করেন।
মন্ত্রী জানান, তেলের মূল্য বৃদ্ধি ও ডলারের দাম বাড়ার ফলে পরিবহন পরিচালনা এবং যন্ত্রাংশ আমদানির খরচ বেড়েছে। এ কারণে পরিবহন মালিকরা প্রথমে প্রতি কিলোমিটারে ২৮ পয়সা বাড়ানোর প্রস্তাব দেন। পরে তা কমিয়ে ২২ পয়সা করা হয় এবং আলোচনার মাধ্যমে চূড়ান্তভাবে ১১ পয়সা নির্ধারণ করা হয়েছে।
এই নতুন ভাড়া আজ থেকেই কার্যকর হবে এবং এটি শুধুমাত্র ডিজেলচালিত বাসের ক্ষেত্রে প্রযোজ্য হবে। সিএনজিচালিত বাসের ভাড়ায় কোনো পরিবর্তন আনা হয়নি। তবে ভবিষ্যতে জ্বালানি তেলের দাম কমলে ভাড়াও পুনরায় সমন্বয় করা হবে বলে জানান তিনি।
এর আগে গত ১৮ এপ্রিল রাতে জ্বালানি তেলের নতুন দাম ঘোষণা করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। নতুন নির্ধারণ অনুযায়ী, প্রতি লিটার ডিজেলের দাম ১৫ টাকা বাড়িয়ে ১১৫ টাকা, অকটেন ২০ টাকা বাড়িয়ে ১৪০ টাকা, পেট্রোল ১৯ টাকা বাড়িয়ে ১৩৫ টাকা এবং কেরোসিন ১৮ টাকা বাড়িয়ে ১৩০ টাকা করা হয়েছে। এই মূল্য ১৯ এপ্রিল থেকে সারা দেশে কার্যকর রয়েছে।