জাতীয়
জ্বালানি সংকট মোকাবিলায় সরকার–বিরোধী দলের যৌথ কমিটির প্রস্তাব প্রধানমন্ত্রীর
দেশের চলমান জ্বালানি সংকট নিরসনে সরকার ও বিরোধী দলের সমন্বয়ে একটি যৌথ কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে ১০ সদস্যের একটি কমিটি করার প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে জাতীয় সংসদ অধিবেশনে তিনি এ প্রস্তাব তুলে ধরেন। প্রস্তাব অনুযায়ী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু-কে কমিটির সভাপতি করার কথা বলা হয়েছে।
প্রধানমন্ত্রী জানান, সরকারি দল থেকে পাঁচজন সদস্যের নাম প্রস্তাব করা হয়েছে এবং বিরোধী দলকেও পাঁচজনের নাম দিতে আহ্বান জানানো হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, উভয় পক্ষের প্রতিনিধিরা একসঙ্গে বসে জ্বালানি খাতের সমস্যাগুলো বিশ্লেষণ করে কার্যকর সুপারিশ দিতে পারবেন।
এর আগে জ্বালানি সংকট নিয়ে সংসদে আলোচনার সূত্র ধরে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান একটি যৌথ কমিটি গঠনের প্রস্তাব দেন। সেই প্রস্তাবের ধারাবাহিকতায় সরকার এ উদ্যোগ গ্রহণ করেছে বলে জানা যায়।
সংসদে বক্তব্য দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, জ্বালানি সংকট একটি বৈশ্বিক সমস্যা হলেও সমন্বিত উদ্যোগের মাধ্যমে এর প্রভাব কমানো সম্ভব। তিনি আরও উল্লেখ করেন, যেকোনো বাস্তবসম্মত প্রস্তাব এ কমিটির মাধ্যমে সরকারের কাছে এলে তা বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
এদিকে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান সংসদে বক্তব্য দিয়ে দ্রুত পাঁচ সদস্যের নাম দেওয়ার আশ্বাস দিয়েছেন এবং এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখেছেন।
সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, সরকার ও বিরোধী দলের সমন্বিত এ ধরনের উদ্যোগ জনগণের মধ্যে আশা সৃষ্টি করে। তিনি দ্রুত কমিটি গঠন ও কার্যক্রম শুরুর ওপর গুরুত্বারোপ করেন।
প্রস্তাব অনুযায়ী, সরকারি দলের মনোনীত সদস্যদের মধ্যে রয়েছেন মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং সংসদ সদস্য এ বি এম আশরাফ উদ্দিন নিজান, মইনুল ইসলাম খান ও মিয়া নুরুদ্দিন অপু।
সবকিছু ঠিক থাকলে বিরোধী দলের সদস্যদের নাম ঘোষণার পরই কমিটি আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করবে।