জাতীয়

আজ যশোর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ০৯:০২ এএম

আজ যশোর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

সরকার গঠনের পর এই প্রথমবারের মতো যশোর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (২৭ এপ্রিল) দিনের এই সফরকে ঘিরে পুরো জেলাজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।

প্রেস উইং সূত্রে জানা গেছে, সকালে তিনি ঢাকা থেকে আকাশপথে যশোরে পৌঁছাবেন। সফরের শুরুতেই শার্শা উপজেলার ঐতিহাসিক উলশী খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করবেন এবং সেখানে একটি সুধী সমাবেশে বক্তব্য রাখবেন।

এরপর বিকেলে তিনি যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। একই দিনে শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আয়োজিত একটি বড় জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেওয়ার কথা রয়েছে তার।

উলশী খাল পুনঃখনন প্রকল্পটি স্থানীয় কৃষি উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে। উল্লেখ্য, সত্তরের দশকে এই খালটি খননের উদ্যোগ নিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যা সে সময় এলাকার কৃষি ও অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন এনেছিল। দীর্ঘদিন অবহেলায় ভরাট হয়ে যাওয়ায় এখন খালটি পুনরুদ্ধারের উদ্যোগ নেওয়া হয়েছে।

দিনব্যাপী কর্মসূচি শেষে রাতেই প্রধানমন্ত্রীর ঢাকায় ফেরার কথা রয়েছে।