জাতীয়

ফ্যামিলি কার্ডের মতো মা-বোনদের হাতে এলপিজি কার্ড তুলে দেওয়া হবে: প্রধানমন্ত্রী


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ০১:০২ পিএম

ফ্যামিলি কার্ডের মতো মা-বোনদের হাতে এলপিজি কার্ড তুলে দেওয়া হবে: প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু সহনশীলতা জোরদারের অংশ হিসেবে যশোরের শার্শা উপজেলায় উলশী খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (২৭ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় খাল পুনঃখননের উদ্বোধনের পর সুধী সমাবেশে বক্তব্য দেন তিনি। সেখানে তিনি জানান, ভবিষ্যতে ফ্যামিলি কার্ডের মতো করে ‘এলপিজি কার্ড’ মা-বোনদের হাতে তুলে দেওয়া হবে।

সরকারের উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে দেশব্যাপী নদী-নালা, খাল ও জলাধার পুনঃখননের কার্যক্রম চলছে বলেও উল্লেখ করেন তিনি। এই উদ্যোগ পরিবেশ রক্ষা এবং কৃষি উৎপাদন বাড়াতে ভূমিকা রাখবে বলে জানান সরকারপ্রধান।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা।

রাজনৈতিক বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষের ভাগ্য নিয়ে কেউ ষড়যন্ত্র করলে জনগণ উপযুক্ত জবাব দেবে। একই সঙ্গে তিনি দাবি করেন, স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ এবং গণভোটকে কেন্দ্র করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।

দিনের কর্মসূচির শুরুতেই খাল পুনঃখননের মাধ্যমে স্থানীয় কৃষি ও জল ব্যবস্থাপনায় নতুন সম্ভাবনার কথা তুলে ধরা হয়।