জাতীয়
প্রধানমন্ত্রীর সঙ্গে রুশ পরমাণু শক্তি সংস্থার মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ
রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটম-এর মহাপরিচালক আলেক্সি লিখাচেভ সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে ঢাকার সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর দফতরে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে দুই দেশের মধ্যে বিদ্যমান সম্পর্ক আরও জোরদার করা এবং বিশেষ করে পারমাণবিক শক্তি খাতে চলমান ও ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয় বলে জানা গেছে।
এ সময় উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, বিজ্ঞান ও প্রযুক্তি এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক মন্ত্রী ফকির মাহাবুব আনাম স্বপন। পাশাপাশি উপদেষ্টা হিসেবে রেহান আসিফ আসাদও বৈঠকে অংশ নেন।
বৈঠকে ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিনও উপস্থিত ছিলেন।
উভয় পক্ষ পারমাণবিক শক্তি খাতে প্রযুক্তিগত সহযোগিতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রকল্পে সমন্বয় আরও জোরদার করার বিষয়ে গুরুত্বারোপ করে।