জাতীয়

৩০ লাখ কোটি টাকা ঋণের বোঝা নিয়ে বর্তমান সরকার যাত্রা শুরু করেছে: প্রধানমন্ত্রী


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৩ মে ২০২৬, ১২:৫২ পিএম

৩০ লাখ কোটি টাকা ঋণের বোঝা নিয়ে বর্তমান সরকার যাত্রা শুরু করেছে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিকে চ্যালেঞ্জিং উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, প্রায় ৩০ লাখ কোটি টাকা ঋণের চাপ নিয়ে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণ করেছে।

রোববার (৩ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন-এ অনুষ্ঠিত জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, দেশের ভেতরে ও বাইরে বিভিন্ন জটিল পরিস্থিতি মোকাবিলা করেই সরকারকে এগোতে হচ্ছে। পূর্বে আমদানিনির্ভর অর্থনীতির কারণে জনজীবনে চাপ ছিল উল্লেখ করে তিনি দাবি করেন, জনগণের ভোগান্তি কমিয়ে সমস্যা সমাধানের চেষ্টা অব্যাহত রয়েছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, সাম্প্রতিক নির্বাচনের মাধ্যমে প্রমাণ হয়েছে যে জনপ্রশাসন সঠিকভাবে কাজ করলে জনগণের রায় যথাযথভাবে প্রতিফলিত হয়। এজন্য প্রশাসনের সব স্তরকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

জনপ্রশাসনের শূন্য পদ দ্রুত ও স্বচ্ছ প্রক্রিয়ায় পূরণের নির্দেশ দিয়ে তিনি বলেন, রাষ্ট্র পরিচালনায় প্রতিটি পদই গুরুত্বপূর্ণ এবং কর্মকর্তাদের যেকোনো দায়িত্ব পালনে প্রস্তুত থাকতে হবে।

এসময় তিনি দেশের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করাকে সরকারের প্রধান লক্ষ্যগুলোর একটি হিসেবে উল্লেখ করেন। পাশাপাশি বিভিন্ন খাতে কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক কার্যক্রম সম্প্রসারণে সরকারের উদ্যোগ চলছে বলেও জানান তিনি।

নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নের বিষয়ে তিনি বলেন, সরকার ঘোষিত প্রতিশ্রুতি ও নীতিমালা পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। সুশাসন প্রতিষ্ঠাকে রাষ্ট্র পরিচালনার মূল ভিত্তি।

বাজার নিয়ন্ত্রণ প্রসঙ্গে প্রধানমন্ত্রী কঠোর অবস্থান জানিয়ে বলেন, নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত বাজার তদারকি করতে হবে। সিন্ডিকেট, কৃত্রিম সংকট তৈরি ও অযৌক্তিক মূল্যবৃদ্ধি রোধে প্রশাসনকে সক্রিয় থাকতে হবে।

এছাড়া নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা দৃশ্যমান করার নির্দেশ দেন তিনি, যাতে ভোক্তা অধিকার সুরক্ষা আরও কার্যকর হয়।