জাতীয়
শাপলা চত্ত্বরে সহিংসতার সময় সারাদেশে ৫৮ জনকে হত্যার প্রমাণ পেয়েছে তদন্ত সংস্থা: চিফ প্রসিকিউটর
২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে সংঘটিত সহিংসতাকে কেন্দ্র করে সারাদেশে অন্তত ৫৮ জন নিহত হওয়ার প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল—এমন তথ্য জানিয়েছেন সংস্থাটির চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।
মঙ্গলবার (৫ মে) ট্রাইব্যুনালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, তদন্ত সংস্থা বিভিন্ন এলাকায় নিহতদের পরিচয় শনাক্ত করতে সক্ষম হয়েছে। এর মধ্যে ঢাকায় ৩২ জন, নারায়ণগঞ্জে ২০ জন, চট্টগ্রামে ৫ জন এবং কুমিল্লায় ১ জনের পরিচয় পাওয়া গেছে।
তিনি দাবি করেন, প্রতিটি হত্যাকাণ্ডের ক্ষেত্রে পর্যাপ্ত সাক্ষ্য-প্রমাণ সংগ্রহ করা হয়েছে এবং নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলা হয়েছে। তদন্তে উঠে এসেছে, ঘটনাটি ছিল পরিকল্পিত ও বিস্তৃত আকারে পরিচালিত হামলা।
চিফ প্রসিকিউটরের ভাষ্য অনুযায়ী, হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর পূর্বঘোষিত কর্মসূচিকে ঘিরে পরিস্থিতি তৈরি হয় এবং তাদের অবস্থান প্রতিহত করতে কঠোর পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত ছিল। এই প্রেক্ষাপটে ঘটনাটিকে তিনি ‘সিস্টেমেটিক’ ও ‘টার্গেটেড কিলিং’ হিসেবে উল্লেখ করেন।
তিনি আরও বলেন, নিহতদের পরিবারের বক্তব্য এবং অন্যান্য তথ্য-উপাত্ত পর্যালোচনা করে প্রতিটি মৃত্যুর পক্ষে যথেষ্ট প্রমাণ পাওয়া গেছে বলে তদন্ত সংস্থা নিশ্চিত হয়েছে।