জাতীয়
সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে মন্ত্রিত্ব ছেড়ে দেবো: ধর্মমন্ত্রী
ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ বলেছেন, বাংলাদেশে কোনোভাবেই সংখ্যালঘু নির্যাতন বরদাশত করা হবে না। সাম্প্রদায়িক সম্প্রীতি ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হলে তিনি মন্ত্রিত্ব ছেড়ে দিতেও প্রস্তুত বলে জানিয়েছেন।
সোমবার (১১ মে) সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ)-এর সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
ধর্মমন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গে সংখ্যালঘু মুসলমানদের ওপর হামলার ঘটনা বন্ধে ভারত সরকারের প্রতি আহ্বান জানানো হবে। তিনি উল্লেখ করেন, ভারত গণতান্ত্রিক মূল্যবোধ ধারণ করে বলেই দেশটিকে শ্রদ্ধা করেন। তবে সেখানে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা হলে সেই শ্রদ্ধা আরও বাড়বে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, ভারতে কোনো ঘটনা ঘটছে বলে বাংলাদেশেও একই ধরনের পরিস্থিতি তৈরি হতে দেওয়া যাবে না। প্রয়োজনে মন্ত্রিত্ব ছাড়বেন, তবু দেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতন, অবিচার বা জুলুম মেনে নেবেন না বলে জানান তিনি।
বিরোধী দল প্রসঙ্গে ধর্মমন্ত্রী বলেন, একটি ভালো বিরোধী দল গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ। তবে গঠনমূলক সমালোচনার পরিবর্তে সরকারকে বিব্রত করার প্রবণতা থাকলে তা ইতিবাচক রাজনীতির জন্য সহায়ক নয় বলেও মন্তব্য করেন তিনি।