জাতীয়
রূপপুর, পদ্মা সেতু ও টানেলে অপ্রয়োজনীয় খরচ হয়েছে: প্রধানমন্ত্রী
পদ্মা সেতু, রূপপুর ও টানেলে অপ্রয়োজনীয় খরচ হয়েছে এমন মন্তব্য করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এসব বড় অবকাঠামো প্রকল্পে অপ্রয়োজনীয় খরচ না হলে আরও ভালো ফল পাওয়া যেত। প্রকল্পগুলোর ক্ষেত্রে ব্যয় ব্যবস্থাপনায় আরও দক্ষতা দেখানো সম্ভব ছিল।
গতকাল সোমবার (১১ মে) দুপুরে পুলিশ সপ্তাহ উপলক্ষে তেজগাঁওয়ে নিজ দফতরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় প্রধানমন্ত্রী আরও বলেন, ‘‘আমরা যখন দায়িত্ব নিয়েছি, তখন একটি ভঙ্গুর পরিস্থিতি পেয়েছি। প্রায় প্রতিটি সেক্টরেই এ চিত্র ছিল। একটি যুদ্ধবিধ্বস্ত রাষ্ট্র যেমনটি হয়, সে রকম অবস্থা পেয়েছি।’’
তিনি বলেন, সরকার ধীরে ধীরে বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সেগুলো সমাধানের পথে এগিয়ে যাচ্ছে। এ সময় উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও কার্যকারিতা বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
দিকনির্দেশনামূলক বক্তব্যে প্রধানমন্ত্রী পুলিশ বাহিনীর ভূমিকার প্রশংসা করে আইনশৃঙ্খলা রক্ষায় পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান জানান।